দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ (২১ জানুয়ারি ২০২৬) সিলেটে পৌঁছেছেন। তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন এবং পরে শ্বশুরবাড়ি বিরাইমপুর গ্রামে চলে যান।
বুধবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পৌঁছেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় দোয়া করেন।
এরপর তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে যান। সেখানে মিলাদ, ও দোয়া মাহফিলে শরিক হন ।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাইকিং, প্রচার ও সাজসজ্জার মাধ্যমে প্রস্তুতি নিয়েছেন।
সর্বশেষ ২২ বছর আগে তিনি সিলেটে কর্মী সম্মেলনে অংশ নিয়েছিলেন, তখন তিনি দলের যুগ্ম মহাসচিব ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সফরকে নির্বাচনী প্রচারণার সূচনা হিসেবে দেখছেন।