বাংলাদেশকে একটি ‘ইউনিক’ বা অনন্য মডেল হিসেবে বিবেচনায় নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (ডেমোগ্রাফিক লভ্যাংশ) পূর্ণ সুবিধা নিতে পারলে, সঠিক নীতি প্রণয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নিজের পাশাপাশি বৈশ্বিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধিদলের সাথে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলে ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপোতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম।
সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এবং সেজন্য সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘জনসংখ্যা এমন একটি খাত যার প্রভাব বহু বছর পর অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ এবং রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান নিয়ামক হবে।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে এবং বিশ্বব্যাপী উদীয়মান নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি ও শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা জানান, তিনি আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএ-এর সাথে সহযোগিতার বিষয়গুলো তুলে ধরবেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।