
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী শারদা হল কেন্দ্রে সকাল পৌনে ১০ টায় ভোট প্রদান করেন সিলেট এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতটুক দেখেছি ততটুকুর উপরেই বলি, সামনেরটা দেখার জন্য তো আপনারাই আছেন। এই ধরনের পরিবেশ খারাপ না, তবে মহিলাদের ভোট গ্রহণের গতিটা আরো বাড়ানো দরকার।
এখন পর্যন্ত যে উপস্থিতি দেখছেন সেটা আসলে সন্তোষজনক। শীতের দিন তো, প্রথম ঘন্টায় আরেকটু বেশি হতো। তবে আমার ধারণা বেলা বাড়ার সাথে সাথে ভোটারও বাড়তে থাকবে।
জয়ের ব্যাপারে আশাবাদী কি না, তা জানতে চাইলে মুক্তাদির বলেন, আমি আমার সিলেটের ও জাতীয়ভিত্তিক যে কর্মসূচিগুলি সেগুলি মানুষের সামনে তুলে ধরেছি। আমি আশা করি যেভাবে সাড়া পেয়েছি তার প্রতিফলন ভোটের ক্ষেত্রেও হবে।
একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সিলেট-১ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “সারা দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন, এটি গোটা বিশ্ব দেখছে। এবারের নির্বাচন একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।” তিনি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
কোনো ধরনের শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। সাম্প্রতিক কিছু ভুল বোঝাবুঝির প্রসঙ্গ উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন কাউকে হয়রানির শিকার হতে না হয় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সবশেষে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের অংশগ্রহণই গণতন্ত্রের প্রাণ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটগ্রহণ দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।