
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, কাজ করতে হলে আমাদের টিম ওয়াইজ কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হব।
তিনি আরো বলেন, কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, ইশতেহারকে সামনে রাখব আমরা।
গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরো বলেন, বিগত ১ বছরে কি কি কাজ হয়েছে সেটা দেখে বুঝতে পারব কি কি ঘাটতি আছে। তিনি বলেন, দেশটা আমাদের।
আগামী ১০০ দিনের মধ্যে আমরা কি করব তার একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে।
আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বা কার্য বিধিমালার বাইরে আমরা যাব না। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাবেন।
মন্ত্রী আরো বলেন, আপনারা-আমরা সবাইকে কাজ করতে হবে এবং সেটা টিমে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। যা জানানোর প্রয়োজন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
তিনি বলেন, রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না পারে সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।
পরিচিতমূলক সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রথম তিন মাসের একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে যে প্রথম তিন মাসে আমরা এ কাজগুলো করব।
তিনি বলেন, আমরা মানুষকে যেন বলতে পারি যে তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, সাবেক উপদেষ্টা বেশ কিছু সাজেশন দিয়ে গেছেন। আমরা তার পরামর্শগুলো আমলে নেব। তিনি আরো বলেন, ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে কোন জায়গায় বা কোন কোন সেক্টরে হতে পারে সেটি যেন আগেই আমরা সমাধান করতে পারি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।