
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তেজিত স্বজন ও স্থানীয় কতিপয় ব্যক্তি চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় এবং চিকিৎসা কর্মীদের লাঞ্ছিত করে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তানজিলা (২১) নামের ওই রোগী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। চার মাস আগে তিনি একটি সন্তান প্রসব করেন। ঘটনার আগে তিনি স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে স্বজনরা সিলেটে না নিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, রোগী চরম শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে আনার পরপরই তাকে অক্সিজেন দেওয়া হয় এবং জরুরি দুটি ওষুধ প্রেসক্রাইব করা হয়। এর মধ্যে একটি ওষুধ হাসপাতালে না থাকায় স্বজনদের বাইরে থেকে কিনে আনতে বলা হয়। কিন্তু ওষুধ নিয়ে আসার আগেই রোগী মারা যান।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বহিরাগতদের নিয়ে মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলামসহ নার্সদের মারধর ও লাঞ্ছিত করে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের আসবাবপত্রও তছনছ করা হয়। ঘটনাটিচুনারুঘাট থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।