সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ১২টা থেকে ভোরx ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এসএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকেই প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ ছাড়া জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের অবশ্যই যানবাহনের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
জননিরাপত্তা ও নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের এ নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসী ও মোটরসাইকেল চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সিলেট মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি।




