
নবীগঞ্জ শহরের ভাই-ভাই কসাইখানায় পুরাতন মাংসে রক্ত লাগিয়ে নতুন বলে বিক্রি করা হতো। যৌথ বাহিনীর অভিযানে এমন ঘটনা উঠে এসেছে। এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট ।
জানা যায়, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই—ভাই কসাইখানাকে ৫ হাজার জরিমানা করা হয়।
তাছাড়া অভিযানে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ওসমানী রোডের আল বারাকা এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা, বানী স্টোরকে ১৫ হাজার, জুনু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।